পরিবেশের ভারসাম্য রক্ষা এবং রাস্তার স্থায়ীত্ব নিশ্চিত করতে ঠাকুরগাঁওয়ে এলজিইডির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদ থেকে চেরাডাঙ্গী বাজার পর্যন্ত এই কর্মসূচির প্রধান অতিথি আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা। বিশেষ অতিথি ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী মাবুদ হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ও অনলাইন জার্নালিস্ট ফোরাম ঠাকুরগাঁওের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য কর্মকর্তারা। উল্লেখ্য, কর্মসূচির আওতায় মোট ৫ হাজার ৫৫০টি বনজ, ফলজ ও ঔষধি গাছ লাগানো হবে। ১৭ প্রজাতির এসব গাছ লাগাতে কাজ করবেন ৫ জন কর্মী এবং এটি ৫৪০ দিনের মধ্যে সম্পন্ন করা হবে। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, শুধু এই রাস্তাই নয়, জেলার প্রতিটি রাস্তার পাশে এমনভাবে গাছ লাগানো হলে পরিবেশ যেমন সুরক্ষিত থাকবে, তেমনি প্রকৃতি হয়ে উঠবে আরও মনোমুগ্ধকর। উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৩দিন ব্যাপী এ কার্যক্রমে ঠাকুরগাঁও সদরের আকচা ইউপি হতে চেরাডাঙ্গী বাজার পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তায় বনজ, ফলজ ও ঔষধীর ৫ হাজার ৫শ ৫০ টি গাছ রোপন করা হবে। যার মধ্যে মেহেগনি ৪ হাজার, লেবু ৫০, জাম ২শ, কামরাঙ্গা ৫০, সোনালু ৪০, আমরা ৫০, পেয়ারা ১শ, আম ৩শ, চালতা ৫০, জলপাই ১শ, আমলকি ৬০ এবং ১০ টি কৃষ্ণচুড়ার গাছ রয়েছে। উল্লেখ্য, এলজিইডির এইরকম জনস্বার্থে উন্নয়নমূলক কর্মকান্ড ইতিপূর্বে হয়েছে,বর্তমানে অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এলজিইডি এর কর্মকর্তারা।

