পঞ্চগড় জেলা শহরের রওশনাবাগ এলাকায় সেনাবাহিনীর অভিযানে অনলাইন জুয়ার এক বড় ডিলারকে আটক করা হয়েছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে আবু সাত্তার নামে ওই যুবকের বাসা থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১৪টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং কম্পিউটার জব্দ করে সেনা সদস্যরা। আটক আবু সাত্তার সদর উপজেলার শিংরোড ভুজারিপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। তিনি দীর্ঘ ৪ বছর ধরে শহরের রওশনাবাগে রাকিবুল হাসানের বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে অনলাইন জুয়ার কারবার চালিয়ে আসছিলেন। সেনা সূত্র জানায়, অভিযানের সময় বাসার দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজার ছিটকিনি ভেঙে ভেতরে প্রবেশ করে সেনা সদস্যরা। তখন আবু সাত্তার ব্যবহৃত মোবাইলগুলো টয়লেটের ফ্ল্যাশবক্সে লুকিয়ে রাখেন। কিন্তু পুরো ঘর তল্লাশি চালিয়ে ফ্ল্যাশবক্স থেকে মোবাইলগুলো উদ্ধার করা হয়। তার ল্যাপটপ ও কম্পিউটার ঘেঁটে অনলাইন জুয়ার একাধিক সাইট এবং আইডির সন্ধান পান সেনা সদস্যরা। এসব আইডিতে প্রায় ১২ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযানের সময় পঞ্চগড় থানা পুলিশের একটি দলও উপস্থিত ছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (আরডিসি) মিজানুর রহমান তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আবু সাত্তার বলেন, “আমি ৪ বছর ধরে এই কাজ করছি। টেকনিক্যালি এটি অবৈধ হলেও আমি দেশের টাকা দেশে রাখার জন্যই এই কাজ করি। মাসে আমার আয় ১ লাখ টাকা।” পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, “এই তরুণ দীর্ঘদিন ধরে ঘরের ভেতরে বসেই অনলাইন জুয়ার বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিল। তার বিভিন্ন আইডিতে এখনো ১২ লাখ টাকার মতো লেনদেনের রেকর্ড রয়েছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছি। সমাজবিরোধী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

