বাগেরহাটের শরণখোলায় ৭ ফুট লম্বা একটি নির্বিষ দারাজ সাপ উদ্ধার করেছে ওয়াইল্ডটিম, ভিটিআরটি এবং বন বিভাগ। ৩ জুলাই উপজেলার জানের পার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থানীয় সচেতন ব্যক্তিদের সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়। পরবর্তীতে শরণখোলা রেঞ্জ অফিসের নিকট ধাবরি খালের কাছে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে সাপটিকে অবমুক্ত করা হয়। বন বিভাগ জানায়, দারাজ একটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ। এটি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ইঁদুর খেয়ে ফসল রক্ষা করায় কৃষকের পরম বন্ধু হিসেবে পরিচিত। এ ধরনের সাপ দেখে ভয় না পেয়ে সচেতনভাবে তা সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

