দৈনিক পাঞ্জেরী পত্রিকায় সংবাদ প্রকাশের পর বাজারের জলাবদ্ধতা নিরসনে ড্রেনের নিমার্ণ কাজ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এলজিইডির উদ্যোগে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেনের নিমার্ণ কাজের উদ্বোধন করা হয়। জানা যায়, গত ২৭ মে দৈনিক পাঞ্জেরী পত্রিকার ৩ এর পাতায় “চরম বিপাকে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ, সরিষাবাড়ীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে বাজারে জলাবদ্ধতা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা এলজিইডির। বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সমস্যার কথাটি বিবেচনা করে বাজারের জলাবদ্ধতা দূর করতে উপজেলা এলজিইডির নিবার্হী প্রকৌশলীর কার্যালয় থেকে ২ লক্ষ টাকা ব্যায়ে একটি ড্রেনের নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, ঠিকাদার রুকনুজ্জামান তালুকদার, যুবদল নেতা সোহেল রানা প্রমুখ। এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি আমরা জানতে পারি। পরে এই বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের অসুবিধার কথা বিবেচনা করে উপজেলা পরিষদের মাধ্যমে এডিপির অর্থায়নে একটি ড্রেনেজ ব্যবস্থা করা হচ্ছে। আশা করি এতে ব্যবসায়ী ও স্থানীয়দের অসুবিধা দূর হবে। জানা যায়, পোগলদিঘা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বয়ড়া বাজারে পানি নিষ্কাশনের ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে ময়লা-আবর্জনা, কাদাযুক্ত জলাবন্ধতার সৃষ্টি হয় বাজারের অলিগলিতে। এ সময় চরম ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও শিক্ষার্থীদের। এই ড্রেনেজ ব্যবস্থা হলে এই বাজারের ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব হবে।

