প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। প্রতিবছর ৫ই জুন এ দিবসটি পালন করা হলেও চলতি বছরে ঈদুল আজহার ছুটির কারণে পিছিয়ে বুধবার (২৫ জুন) দিনটি পালন করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সেমিনার কক্ষে আয়োজিত হয় আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস। জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ইউসুফ আলী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে পরিবেশে প্লাস্টিকের ভয়াবহ প্রভাব তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশ কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নিজেদের ব্যানার নিয়ে অংশ নেয় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), প্রাণ প্রকৃতি পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা ‘কারিগর’, পরিবেশ বন্ধু, সবুজ আন্দোলন, বন্ধু ফাউন্ডেশনসহ আরও অনেক পরিবেশবাদী সংগঠন। এ উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গৃহীত একটি দৃঢ় পদক্ষেপ এমনটাই মত দেন অংশগ্রহণকারীরা।

