সড়ক দুর্ঘটনায় ঠাকুরগাঁওয়ে বাবা মেয়ে নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলায় বাস ও সিএনজি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে ভূল্লী থানার খোশবাজার এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খলিসাকুড়ি গ্রামের আবু মোহাম্মদের ছেলে আশরাফুল ইসলাম ও তার মেয়ে খোঁশবাজার মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী রাবিয়াতুল। ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবার সিএনজিতে করে মাদরাসায় পরীক্ষা দিতে যাচ্ছিল মেয়ে। পথে ভূল্লী ধানার খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় এলে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন বাসযাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি। ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। সত্যিই হৃদয়বিদারক একটি ঘটনা। বাসটি আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় ভুল্লি থানায় একটি ইউডি বা অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

