পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ৮০ হাজার মার্কিন জাল ডলারসহ প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গোলচত্বর এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা গ্রামের মোজাম্মেল হক, শতগ্রাম এলাকার রমেশ চন্দ্র বর্মণ , সোহেল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলার ইসলামবাগ এলাকার হোসেন আলী বাবু, দেবীগঞ্জ উপজেলার বাগদহ দিলালপাড়া গ্রামের আনোয়ার হোসেন ডিপজল ও ইয়াসিন আলী । পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে একটি মাইক্রোবাস থেকে কয়েকজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি সদস্যদের গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পঞ্চগড় ও আশপাশের জেলায় জাল ডলার দিয়ে প্রতারণা করে আসছিলেন। এমনকি পার্শ্ববর্তী দেশেও তাঁদের এই চক্র সক্রিয় ছিল। অভিযানে জব্দকৃত ৮০ হাজার জাল ইউএস ডলারসহ গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

