অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ব্যাংকিং কোম্পানি নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের আট মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা যায়, নগদের এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম যশোর থেকে ব্যাগভর্তি ৫৫ লাখ টাকা নিয়ে প্রাইভেটকার যোগে মনিরামপুর অফিসের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ঘটনাস্থলে পৌছুলে পিছন থেকে আসা দুই মোটরসাইকেল আরোহী প্রাইভেটকারের গতিরোধ করে। এক পর্যায় দৃর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে প্রাইভেটকারের গ্লাস ভেঙ্গে ব্যাগভর্তি টাকা ছিনিয়ে নিয়ে যশোরের দিকে পালিয়ে যায়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নগদের এরিয়া ম্যানেজার রবিউল ইসলামসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয় বলে জানাগেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী মিরাজুল ইসলাম জানান, সড়কের পাশে মাঠে কাজ করার সময় হঠাৎ ভাংচুরের শব্দ শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখেন প্রাইভেটকারের গ্লাস ভাঙ্গা অবস্থায় পাশে দুইজন লোক দাড়িয়ে আছে। মণিরামপুর অফিসের নগদের সুপার ভাইজার আবু সাঈদ টাকা ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাগে ৫৫ লাখ টাকা ছিল। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রাইভেটকার চালক সাজু হোসেন বলেন, পিছন থেকে এসে দুইটি মোটরসাইকেল প্রাইভেটকারের সামনে পড়লে তিনি গাড়ি থামাতে বাধ্য হন। কিছু বুঝে উঠার আগেই মোটরসাইকেল থেকে নেমে প্রাইভেটকারের গ্লাস ভেঙ্গে তাদেরকে মারধর শুরু করে। এক পর্যায় ছিনতাইকারীরা উক্ত ব্যাগ ভর্তি টাকা নিয়ে যশোরের দিকে চলে যায়। মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে হেফাজতে নেয়া হয়েছে। তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন হবে বলে তিনি জানান।

