ষশোরের কেশবপুরে ভেজাল দুধ উৎপাদন করার অপরাধে একজনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ জুন) উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামে ভেজাল দুধ উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে ঐ গ্রামের বিষ্ণুপদ ঘোষের ছেলে শংকর ঘোষকে গরুর দুধে জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল দুধ তৈরির উপকরণ সমূহ উদ্ধার অপুর্বক জনসম্মুখে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেক্সোনা খাতুন বলেন, আমাদের নিত্য ব্যবহার্য ও অতি গুরুত্বপূর্ণ এই ধরণের খাদ্যপণ্যে যারা ভেজাল মিশ্রিত করে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কোন অপরাধ সম্পর্কে কারো কাছে কোন তথ্য থাকলে তা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

