কুষ্টিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাশেদ। বাবা-মায়ের একমাত্র সন্তান রাশেদ মাস্টার্স শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু তার আগেই একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তার জীবন। রাশেদ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী মাস্টারপাড়ার বাসিন্দা এবং ধরঞ্জী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নজরুল ইসলাম (ছলিম মাস্টার) ও গৃহিণী মায়ের একমাত্র ছেলে ছিলেন। ঈদুল আজহার ছুটি শেষে রাশেদ খুলনাগামী সীমান্ত ট্রেনে করে পোড়াদহ স্টেশনে পৌঁছান। সেখান থেকে তিনি অটোযোগে কুষ্টিয়ার বটতৈল এলাকায় আসেন। এরপর শ্যামলী পরিবহনের একটি বাসে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কুষ্টিয়ার বৃত্তিপাড়া এলাকায় বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় রাশেদ গুরুতরভাবে মুখ ও মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাশেদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উক্ত দুর্ঘটনায় আরও দুজন শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন আব্দুর রাজ্জাক (আল ফিকহ অ্যান্ড ল বিভাগ, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ও আবু নাইম (ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ)। একটি প্রতিশ্রুতিময় জীবনের এমন করুণ পরিণতিতে বাকরুদ্ধ তার শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী। একমাত্র ছেলেকে হারিয়ে শোকাহত বাবা-মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো ধরঞ্জী গ্রাম।

