চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগরে জেড়ি রাস্তা সংলগ্ন এলাকায় যাত্রীবাহিবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে অন্তত ৯ জন। তবে আহতদের সবার পরিচয় এ রিপোর্ট লিখা পর্যন্ত নিশ্চিত করা যায়নি। সোমবার (১৬ জুন) সকাল সোয়া ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন পিএমখালীর হাবিব উল্লাহ ও তার শিশু পুত্র রিয়াদ এবং রামুর রিমঝিম বড়ুয়া। হাইওয়ে পুলিশের মতে চট্টগ্রামগামী পূরবী পরিবহনের যাত্রীবাহি বাসটি ঢাকা থেকে আসা মালবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি উল্টে যায়। এতেই বাসের যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। আহত যাত্রীদের রামু ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে। নিহত হাবিব উল্লাহ ছেলেকে মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন বলে জানান স্থানীয় ইউপি সদস্য। পুলিশ বলছে, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে। এদিকে উক্ত সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেকে হারিয়ে পরিবারটিতে শোকের মাতম চলছে। শুধুমাত্র এই বছরই চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় অর্ধশতাধিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দেশের এই ব্যস্ততম সড়কটি ৬ অথবা ৪ লেনে উন্নীতকরণের দাবি দীর্ঘদিনের হলেও সংশ্লিষ্টদের টনক নড়েনি।

