জয়পুরহাটের কালাই উপজেলার বাখরা গ্রামে সংঘটিত আলোচিত ডাকাতি মামলার মূল হোতা মেহেদী হাসান ওরফে চিকন আলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের পর তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার দুপুর ২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। গ্রেপ্তার হওয়া মেহেদী হাসান জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের দক্ষিণ বাসতা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ২০২৪ সালের ২৫ অক্টোবর রাতে কালাই উপজেলার বাখরা গ্রামের কছিম উদ্দিন ফকিরের বাড়িতে একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। তারা টয়লেটের ছাদ ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, ৪ টি বিদেশি জাতের গরু, চাল, কাপড়সহ প্রায় ১১ লাখ ৩৬ হাজার টাকার মালামাল লুট করে। ঘটনার পরদিন কালাই থানায় একটি মামলা রুজু হলে ডিবি পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে আক্কেলপুর থানা এলাকা থেকে মূল আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে আদালতে হাজির করলে তিনি স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও লুট করা মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা, জেলা গোয়েন্দা শাখার ওসি আসাদুজ্জামান (আসাদ) এবং কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

