সাতক্ষীরার সাবেক এমপি মিসেস রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় তার ছোট ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে আটক করা হয়েছে। রবিবার (১৫ জুন) দুপুরে সাতক্ষীরা সদর থানা থেকে ২০০ গজ দূরে অবস্থিত শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন মুনজিতপুরের বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা সেনাক্যাম্পের মেজর ইফতেখার রহমানের নেতৃত্বে একটি দল। অভিযানের সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন এমপি পুত্র রুমন। এতে তিনি পায়ে আঘাত পান এবং তাৎক্ষণিকভাবে সেনবাহিনীর সদস্যরা তাকে আটক করে। এ সময় সাতক্ষীরা সেনাক্যাম্পের মেজর ইফতেখার রহমান বলেন, রুমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় এবং প্রমাণসহ তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে এ বাড়ি থেকে একটি রাইফেল, ৩০০ শ পিস ইয়াবা, বিদেশি মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় রুমন মাদকাসক্ত ছিলেন বলেও দাবি করা হয়।
স্থানীয়রা জানান, এমপি পুত্র রুমন দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন। যার কারনে তার স্ত্রী তাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে। তবে রুমন অল্পবয়সী মেয়েদের নিয়ে তার বাসায় মাদকের আসর বসাতেন। আওয়ামী লীগের সাবেক এমপি মিসেস রিফাত আমিন বর্তমানে যুক্তরাষ্ট্রে তার বড় ছেলের বাসায় অবস্থান করছেন। অভিযানের সময় বাড়িটিতে তার ছোট ছেলে রুমন একাই বসবাস করছিলেন।

