মোংলায় ৪ জুন, ২০২৫ পবিত্র ঈদ-উল-আযহাকে ঘিরে উপকূলের নৌপথে যাত্রায় দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন তৎপরতা শুরু করেছে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন খুলনার রুপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা, শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ/খেয়া/ফেরিঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে মোংলায় বুধবার ৪ জুন সকাল থেকে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট/নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। ৪ জুন বুধবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা কালে সাংবাদিকদের বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকান্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী।
দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্ট গার্ডের প্রতিটি সদস্য। যার মাধ্যমে যাত্রীদের নৌ যাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়।
তিনি আরও বলেন, কোস্ট গার্ডের এ কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদ উল-আযহা পরবর্তী যাত্রীসাধারণের নৌ যাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকবে।

