জামালপুরের সরিষাবাড়ীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ষড়যন্ত্রের মাধ্যমে জাতীয়করণ থেকে ঐতিহ্যবাহী সরিষাবাড়ী কলেজ বাদ দিয়ে বঙ্গবন্ধু কলেজের নাম পরিবর্তন করে “সরিষাবাড়ী সরকারি কলেজ” নামকরণ ঘোষণা করার প্রতিবাদে ও সরিষাবাড়ী কলেজকে জাতীয়করণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সরিষাবাড়ী পৌরসভার সামনে সরিষাবাড়ী-জামালপুর প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ আমিমুল এহছান শাহীন, কলেজোর সহকারী অধ্যাপক খায়রুল আলম শ্যামল, সদস্য লাবিব উদ্দিন তালুকদার লিটন, সাবেক ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলন, সাবেক ভিপি বিকাশ চন্দ্র সাহা লিটন, জহুরুল ইসলাম পিন্টু, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় সুধিজন। এ সময় বক্তারা বলেন, সম্প্রতি দেশের বেশ কিছু সরকারী কলেজের নাম পরিবর্তন করেছে মন্ত্রনালয়। সেখানে সরিষাবাড়ীর সরকারী বঙ্গবন্ধু কলেজের নাম পরিবর্তন করে সরিষাবাড়ী সরকারী কলেজ নাম করণ করে প্রজ্ঞাপন জারী করা হয়। যেখানে আগে থেকেই সরিষাবাড়ী কলেজ নামে একটি কলেজ রয়েছে। সরিষাবাড়ী কলেজটিতে প্রায় ৫ হাজার ছাত্র ছাত্রী নিয়মিত পড়াশোনা করে। আর সেখানে যে কলেজটি শুধুমাত্র বঙ্গবন্ধুর নামের কারনে সরকারী করণ করা হয়েছে সেটাতে ২ শত জনও শিক্ষার্থী নেই। নেই তাদের নিজস্ব জায়গা। লিজকৃত জায়গায় কলেজ করা হয়েছ। আজ সেই কলেজের নাম খ্যাতি নস্ট করার অপতৎপরতায় একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তন করে, সরিষাবাড়ী কলেজ এর নামের সাথে হুবহু মিল রেখে, সরিষাবাড়ী সরকারি কলেজ নামকরণ করেছে। যার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে সরিষাবাড়ী কলেজটি কে জাতীয়করণ সহ সরিষাবাড়ী বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচী গ্রহণের হুশিয়ারী দেন তারা।

