বন্ধুরা সিনেমা-নাটক দেখতে কার না ভালো লাগে। আর তা যদি হয় শিশুদের জন্য তাহলে তো কথাই নেই।
আমাদের দেশে শিশুদের জন্য হাতেগোনা কিছু চলচ্চিত্র নির্মাণ হয়েছে। তাই শুধু তোমাদের কথা ভেবে রুপাই ইসলাম একদল দুষ্টু ও মজার শিশুদের নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন শিশুতোষ চলচ্চিত্র ‘খুচরা পার্টি’।
এই চলচ্চিত্রের কাহিনী গড়ে উঠেছে কয়েকজন মজার ও অনুসন্ধান প্রিয় শিশুকে নিয়ে। কমেডি ও রহস্য ধাঁচের এ চলচ্চিত্রের কাহিনীতে দেখা যায়, আজ থেকে অনেক অনেক বছর আগে সেই আদিম পরিস্থিতিতে প্রকৃতির এক বিপর্যয় ঘটে। বজ্রপাত, ভূমিকম্প সবকিছু একসঙ্গে হতে থাকে। এমন সময়ে যে যার জীবন বাঁচানোর জন্য ছুটে চলে। এই মুহূর্তে একটি ছোট বালক কোনো কিছু না বুঝতে পেরে নিরুপায় হয়ে আশে পাশে তাকিয়ে দেখতে থাকে। এমন সময়ে আকাশ থেকে একটি বজ্রপাত এসে ছেলেটির মাথায় পড়বে। ছেলেটি সেখানেই স্টাচু হয়ে যায়। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্টাচুটি মাটির নিচে চলে যায়। সেই জায়গা থেকে ধীরে ধীরে একটি গাছ জন্মায়। সেই গাছটি আজ অনেক বড় হয়েছে। মাঝে মধ্যেই নাকি সেই গাছের নিচে একটি ছেলেকে দেখা যায়। এই রহস্য উৎঘাটন করতে যায় ভীষণ দুষ্টু একদল ছেলে-মেয়ে। আর সেই দলটির নামই হলো ‘খুচরা পার্টি’।
চলচ্চিত্রের বেশিরভাগ অংশে অ্যানিমেশনের কাজ দেখ যাবে। মূলতো ছবিটিতে শিশুদের মনস্তাত্বিক বিষয়গুলোর পাশাপাশি তাদের ভালোবাসা ও সুক্ষ্ম চেতনার কথা তুলে ধরা হয়েছে। এ মাসের শেষে মুক্তি পাবে চলচ্চিত্রটি। আশা রাখি সবাই মিলে দেখবে।


