ঢাকাWednesday , 14 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইসিসির এপ্রিলের সেরা খেলোয়াড় মিরাজ

Link Copied!

সাম্প্রতিক জিম্বাবুয়ে সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন মেহেদি হাসান মিরাজ। এপ্রিল মাসের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন টাইগার এই অলরাউন্ডার। বুধবার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে আইসিসি এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে। প্রতিযোগিতায় মিরাজ পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউ জিল্যান্ডের বেন সিয়ার্সকে। এটি তার ক্যারিয়ারে প্রথম মাসসেরা পুরস্কার, আর বাংলাদেশের মধ্যে তিন নম্বর ক্রিকেটার হিসেবে এই অর্জনে নাম লেখালেন মিরাজ। এর আগে এই সম্মান পেয়েছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। মাস সেরা হওয়ার প্রতিক্রিয়ায় মিরাজ বলেন, ‘আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারটি জেতা একটি অসাধারণ সম্মান। আইসিসি অ্যাওয়ার্ডস যে কোনো ক্রিকেটারের জন্য চূড়ান্ত স্বীকৃতি, আর এটি যখন বৈশ্বিক ভোটের মাধ্যমে আসে, তখন তা আমার জন্য অনেক বেশি মূল্যবান।’আরও যোগ করেন, ‘এমন মুহূর্তগুলো আমাকে আমার যাত্রার কথা মনে করিয়ে দেয় — ২০১৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নাম আসা ছিল আমার ক্যারিয়ারের শুরুতেই একটি বড় উৎসাহ, আর এই পুরস্কারটিও ততটাই বিশেষ। আমি সত্যিই আনন্দিত। এই পুরস্কারটি আমার জন্য একটি বড় অনুপ্রেরণা হবে যেন আমি আরও ভালো পারফর্ম করতে পারি এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশের সফলতার জন্য নিয়মিতভাবে অবদান রাখতে পারি।’মিরাজ বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আমরা স্বপ্ন দেখি যেন মাঠে প্রভাব ফেলতে পারি এবং আমাদের ভক্তদের আনন্দ দিতে পারি। আইসিসির এই স্বীকৃতি আমাকে আরও পরিশ্রম করতে এবং ধারাবাহিকভাবে দেশের হয়ে ভালো খেলতে অনুপ্রাণিত করে। আমি আমার সতীর্থদের, কোচদের এবং ভক্তদের ধন্যবাদ জানাতে চাই — এই পুরস্কার তাদের সবারও প্রাপ্য।’সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেন মিরাজ। সিলেটে প্রথম টেস্টে দুই ইনিংসে ৫টি করে উইকেট নিয়ে ম্যাচে ১০ উইকেটের কীর্তি গড়েন। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে করেন ১০৪ রান এবং বল হাতে নেন আরও ৫ উইকেট। এই অলরাউন্ড নৈপুণ্যেই তিনি ম্যাচ সেরা নির্বাচিত হন। তার ধারাবাহিক পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসির র‌্যাঙ্কিংয়েও। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় উঠে এসেছেন ক্যারিয়ার সেরা দ্বিতীয় অবস্থানে।