ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার ( ৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসায় গাঁজা পরিবহনের কথা স্বীকার করেছে। এ সময় গাঁজাসহ গাড়িটি আটক করা হয়। আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চন্দনা গ্রামের লুতু মিয়ার ছেলে সাব্বির মিয়া ও একই এলাকার মোখলেস আহম্মেদের ছেলে মামুন আহম্মেদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর সহকারী পরিচালক কাউসারুল হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ বাজারের মেইন রোডে অভিযান চালায়। তারা একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালায়৷ এ সময় ওই পিকআপে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৩ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় ২ জনকে আটক করা হয়। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

