ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির ব্যানারে নার্সিং সেক্টরের সকল ক্ষেত্রে চলমান বৈষম্য দূরীকরণের দাবিতে কুড়িগ্রামে রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সর্বস্তরের ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রোববার ৪ মে ২০২৫ ইং সকালে ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার শাপলা চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নার্সিং শিক্ষার্থীরা -এইচএসসি পাসের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে অবিলম্বে স্বীকৃতি প্রদান ও বাস্তবায়নের দাবী জানায়। সমাবেশ কর্মসূচিতে সরকারি ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ইন্টার্ন নার্স/মিডওয়াইফবৃন্দ সকল ধরনের ক্লাস, পরীক্ষা এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন করে গণজমায়েত কর্মসূচিতে অংশ নেয়। শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সার্বিক সহযোগিতা করেন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির সদস্য নাজিউর রহমান, হৃদয় হাসান, ছোহাইমা রাফাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

