বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নীলফামারী জেলা ও জেলার বিভিন্ন উপজেলার বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা বিএনপিসহ জেলার ডিমলা, ডোমার, জলঢাকা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের নিজ-নিজ শহরে এই বিক্ষোভ মিছিল করেন। এ ছাড়াও জেলা-উপজেলার পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন পর্যায়েও একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় দ্রুত সময়ের মধ্যে তুহিনের নিঃশর্ত মুক্তি ও মিথ্যে মামলা থেকে অব্যাহতির জোর দাবি জানানো হয়।
উল্লেখ্য: কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তুহিনের বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় ৩ বছর ও ৫ বছরসহ মোট ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ ৫ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক সেই রায়ে উল্লেখ করেন। এ ছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার দীর্ঘ ১৭ বছর পর মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার পৃথক ২ বিশেষ জজ আদালতে তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় তার নিঃশর্ত মুক্তি চেয়ে আদালত প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

