খুলনা ব্যুরো বাগেরহাটের শরণখোলায় গত ২৬ এপ্রিল এস এসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করে শরণখোলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ জমাদারের অনুসারী ছাত্রদলের নেতাকর্মীরা। এরই জেরে ২৯ এপ্রিল সন্ধ্যায় ছাত্রদল কর্মী ছাব্বিরকে একা পেয়ে গুপ্ত হামলা চালায় শিবিরের কর্মীরা। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি ঘটে। যে কারণে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। এ অভিযোগ ভুক্তভোগীদের। সূত্র জানায়, এ হামলায় শরণখোলা থানায় কর্মরত আওয়ামীপন্থী পুলিশের ইন্ধন রয়েছে। তবে এলাকাবাসীর ভাষ্যমতে স্থানীয় জামায়াত নেতা মিঠুর নির্দেশে ও অর্থায়নে এই হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে শরণখোলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রাতে শরণখোলা থানার ওসি দৈনিক পাঞ্জেরীকে বলেন, অভিযোগ পেয়েছি। কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

