মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির মূলচর গ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় কিশোর গ্যাং গ্রুপের একাধিক বাড়ি-ঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ভুক্তভোগী পরিবারের বাড়ি হতে ৫ ভরি স্বর্ণলংঙ্কার ও নগদ দুই লক্ষ টাকা লুট করে নেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দিঘীরপাড় ইউনিয়নে মূলচর গ্রামের নাসির হালদার এর বাড়ির দরজা, টিনের বেড়া, থাই গ্লাস ভাঙ্গা অবস্থায় পরে রয়েছে। ঘরের ভিতরের স্টিল আলমারী, সুটকেচের কাপড় চোপর মেঝেতে ছড়ানো ছিটানো অবস্থায় পরে রয়েছে। স্থানীয়দের কাছ থেকে ভিডিও চিত্রে দেখা যায়- দিঘীরপাড় এলাকার কিশোর গ্যাং গ্রুপের আলিফ, ইয়াসিন, সানি, লিমন, ইসমাঈল, কোবা, নজু এবং রাতুলের হাতে কাঠের দাসা, চাকু নিয়ে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে ভুক্তভোগী নাসির হালাদারের বাড়িতে প্রবেশ করে। প্রথমে কিশোর গ্যাং নাসির হালদারের টিন ও কাঠের তৈরী ঘরের বেড়ায় কয়েক স্থানে পিটিয়ে ও কুপিয়ে খুলে ফেলে। পরে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এছাড়া তার পাকা ভবনের থাই গ্লাস একাধিক স্থানে ভেঙ্গে ফেলে। এছাড়াও গ্রামের ট্রলার চালক হবি হালদারের বাড়িতে প্রবেশ করে একই কিশোর গ্যাং গ্রুপ বাড়িঘর ভাংচুর করে। এ ব্যাপারে ট্রলার চালক হবি হালদার বলেন, আমি আমার বাড়ির সামনের পদ্মা নদীতে ট্রলার চালাই। ওরা ট্রলার ঘাটে এসে প্রায়ই নেশা করে শুধু শুধু আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সকাল ৭ টার দিকে ওরা আমাকে ট্রলার ঘাটে গালিগালাজ করতে ছিল। এ সময় নাসির হালদার নদীর ঘাটে ঘুরতে গেলে বিষয়টি আমি তাকে জানায়। নাসির শেখ আমাকে বকাঝকার বিষয়ে প্রতিবাদ করলে ওরা প্রথমে নাসির হালদার পরে আমার বাসায় হামলা চালায়। এ ব্যাপারে নাসির হালদার বলেন, আমি সকালে নদী পারে গেলে ট্রলার চালক হবি আমাকে বলেন, আলিফ ওরা মিলে তাকে শুধু শুধু বকাঝকাঁ করেছে। আমি বকাঝকাঁর কারণ জানতে চাইলে ওরা কোন সদুত্তর দিতে পারেনি। এ সময় আমি ওদের শাসন করি। এর জেরে লোকজন নিয়ে এসে আমার বাড়িতে হামলা করে। আমার বাড়িঘর ভাংচুর ও আমার ঘরে থাকা ৫ ভরি স্বর্ণলংঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে। গ্রামের একাধিক স্থানীয়রা বলেন, এই কিশোর গ্যাং গ্রুপটি গত বছরের ৫ আগষ্টের পরে এলাকায় খুব বেপোরোয়া হয়ে উঠেছে। তারা মাদক সেবন ছাড়াও বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। এছাড়াও নদীতে তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক অভিযোগ উঠেছে। এদিকে কিশোর গ্যাং গ্রুপের বক্তব্য জানতে চাইলে ঐ এলাকায় কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার (ওসি) মহিদুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছি। ট্রলারঘাটে চর থাপ্পর মারাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

