নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে হাসান নামের পাঁচ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ময়না তদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল ঘটনাটি নিশ্চিত করেন।
এসআই বেলাল বলেন, ‘স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বাউনিয়াবাদ মাদরাসার পাশের বেড়িবাঁধ এলাকার ডোবা থেকে হাসানের লাশ উদ্ধার করা হয়। বর্তমানে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’
নিহত হাসান খুলনার খালিশপুরের সবুজ মিয়ার ছেলে। সবুজ মিয়া পেশায় বাসচালক। তিনি বর্তমানে কলাবাগান বস্তিতে সি ব্লকে থাকেন।
সবুজ মিয়া বলেন, ‘৮ তারিখ (মার্চ) থেকেই হাসান নিখোঁজ। অনেক খোঁজ খবর নিয়েও তাকে পাওয়া যায়নি। সেলিম নামের প্রতিবেশী এক চোরের সঙ্গে আমার সম্পর্ক কিছুটা খারাপ ছিল। আমার ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে সেই আমার ছেলেকে খুন করেছে।’
এদিকে এসআই বেলাল বলেন, ‘তদন্তের পরই জানা যাবে এটি কোনো হত্যাকাণ্ড কি না। তবে নির্দিষ্ট কোনো অভিযোগ পেলে অবশ্যই খতিয়ে দেখা হবে।’

