ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে ঈশ্বরগঞ্জ চৌকি আদালত চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে গিয়ে শেষ হয়।
“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই”—এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আয়োজিত র্যালিতে সরকারি কর্মকর্তা, বিচারক, আইনজীবী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানসহ নানান শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে আদালত ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের বিশেষ লিগ্যাল এইড কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ এ এস এম আনিসুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন ইউএনও মোঃ এরশাদুল আহমেদ, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল রহমান, সরকারি (পিপি) এসএম সারোয়ার জাহান, ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। সভায় বক্তারা বলেন, আর্থিকভাবে অক্ষম, নির্যাতিত ও প্রান্তিক জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করছে। এ উদ্যোগের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দ্বন্দ্ব নিরসন এবং সামাজিক শান্তি বজায় রাখতে সহায়তা করছে।

