জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কাফি খন্দকার (৮) হত্যার প্রতিবাদে দ্রুত বিচার এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মিছিলটি বের করা হয়। মিছিলটি ক্ষেতলাল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা বাজার এলাকায় এসে এক ঘণ্টাব্যাপী সমাবেশে পরিণত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য দেন নিহত কাফির বাবা ইকবাল খন্দকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার মুখপাত্র শাহীনুর ইসলাম শাহীন, ক্ষেতলাল উপজেলা ও আলমপুর ইউনিয়নের ছাত্র প্রতিনিধি আতিক ইসলাম আকাশ, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সভাপতি জোবায়ের হোসেন এবং প্রভাষক সেলিমসহ অনেকেই। বক্তারা বলেন, কাফি হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও তীব্র করা হবে। পরে বিক্ষোভকারীরা ক্ষেতলাল থানা গেটের সামনে অবস্থান নেন এবং তাৎক্ষণিকভাবে দাবি বাস্তবায়নের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ঘটনার পটভূমি: গত ১৮ এপ্রিল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল সহলাপাড়া গ্রামের শিশু কাফি খন্দকার। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর ২৬ এপ্রিল (শনিবার) উপজেলার সহলাপাড়া গ্রামের ভিতরগাড়ী এলাকার একটি কচুরিপনাযুক্ত পরিত্যক্ত খাল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কাফি ইকবাল খন্দকারের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং ক্ষোভের সৃষ্টি হয়।

