পুলিশের সংস্কারে ধীরগতি নিয়ে সংস্কার কমিশনসহ রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেছেন রাজশাহীর অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান। তিনি বলেছেন, কোন সরকারই পুলিশ আইন সংশোধন করবে না কারণ আইন সংশোধন পুলিশ আর লাঠিয়াল থাকবে না। শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু হলে সুধী সমাবেশ এসব কথা বলেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ এ সুধী সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান। মোহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশে অধিকাংশ আইন পরিবর্তন হয়েছে কিন্তু পুলিশ আইন-১৮৬৮ পরিবর্তন হয়নি। কোন সরকার এটা করবে না এটি নিশ্চিত থাকতে পারেন, যে-ই ক্ষমতায় আসুন। কারণ আইন সংশোধন করলে পুলিশ আর লাঠিয়াল থাকবে না। পুলিশ যদি লাঠিয়াল না থাকে তাহলে উনারা অবৈধ কাজ করতে পারবেন না। তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে সবগুলো নিয়েই আলোচনা হচ্ছে। কিন্তু পুলিশের সংস্কার নিয়ে কোন আলোচনা হয়েছে তা আমার নজরে পড়েনি। আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে জেলা পর্যায়ে সর্বদলীয় কমিটি গঠন করে কম্বিং অপারেশনের আগ্রহের কথাও জানান পুলিশের এই ডিআইজি। এ প্রসঙ্গে তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন, কেউ কেউ বলছেন চট করে ঢুকে পড়বে। এই যে চট করে ঢুকে পড়বে, উনার লোকজনকে কি আপনি বাদ দিতে পারবেন? আমাদের সমাজেই তারা আছে না? আপনার কাছেই তো ঘুরে। আপনি তো ধরেন না। সব সময় পুলিশকে গালি দিবেন কিন্তু আপনি কিছুই করবেন না। আপনারা আসেন, আমরা একটা কম্বিং অপারেশন করবো। প্রত্যেক দল থেকে ২০ করে আমাদেরকে দেন। এক রাতেই সব লোক (আওয়ামী লীগের নেতা-কর্মী) ধরে ফেলবো। সমাবেশের উপস্থিত সূধীজনদের করা ২৮ টি অভিযোগের উত্তর দেন (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, বিএনপি নেতা নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্দির আহমেদ, মূখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাসসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

