সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদের উপর অর্তকিত হামলার প্রতিবাদে অভিযুক্ত জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ের শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আব্দুল ওহাব, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক শওকাত আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম আউলিয়া, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ আলামিন হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিসানত করিম নয়ন, সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম প্রমূখ। বিক্ষোভ মিছিলে এ সময় অংশগ্রহণকারীরা জামায়াত ও ছাত্রশিবিরের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, মুহু মুহু শ্লোগানে মুখরিত করে তোলে। প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেন আজাদের উপর অর্তকিত হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

