ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রামভদ্রপুর গ্রামে প্রতিপক্ষ মোস্তাকিম বাবু মাস্টার সোহরাব আলীর বাড়ীতে ঢুকে তার স্ত্রী, কন্যা ও পুত্রকে মারপিট করেন। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রামভদ্রপুর গ্রামের রাশেদ আলী মন্ডলের পুত্র সোহরাব আলী গত ২১ এপ্রিল তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের প্রতিপক্ষ মোস্তাকিম বাবু মাষ্টারের কন্যা মোছাঃ মুসফিকা নাসরিন লাবন্যের সাথে সোহরাব আলীর পুত্র রাকিবুল ইসলামের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে মোছাঃ মুসফিকা নাসরিন লাবন্য এবং রাকিবুল ইসলাম গত ১৮/০২/২০২৫ইং তারিখে নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই ঘটনাকে কেন্দ্র করে সোহরাব আলীর পুত্রের বিরুদ্ধে মোস্তাকিম বাবু মাস্টার ৫ জনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এই মামলা চলাকালীন অবস্থায় সোহরাব আলীর পুত্র রাকিবুল ইসলাম জেল হাজতে থাকাকালীন অবস্থায় মাননীয় আদালত গত ৯ এপ্রিল এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য মানবিক কারণে তার জামিন প্রদান করেন। গত ২১ এপ্রিল মোস্তাকিম বাবু মাস্টারের কন্যা মোছাঃ মুসফিকা নাসরিন লাবন্য সন্ধ্যা ৬টায় সোহরাব আলীর বাড়ীতে চলে আসে। এ খবর পেয়ে মোস্তাকিম বাবু মাস্টার দলবল নিয়ে সোহরাব আলীর বাড়িতে এসে পরিবারের সকলকে বেধম মারপিট করেন এবং তার কন্যাকে নিয়ে চলে যায়। এই ঘটনায় সোহরাব আলী বাদি হয়ে ৩ জনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

