চীনের সহায়তায় পঞ্চগড়ে ১ হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল এবং একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে পঞ্চগড় জেলা অটো, রিক্সা, ভ্যান শ্রমিক ইউনিয়ন ও পঞ্চগড় হকার্স সমিতির আয়োজনে প্রতীকী অনশন ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১ টায় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন সামাজিক, পেশাজীবী, ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। তারা বলেন, পঞ্চগড় একটি প্রত্যন্ত সীমান্ত জেলা হওয়া সত্ত্বেও স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ক্ষেত্রে চরম অবহেলার শিকার। চিকিৎসার জন্য জেলার মানুষকে দূরদূরান্তে রংপুর কিংবা রাজধানীতে ছুটতে হয়। বক্তারা আরও বলেন, চীন সরকার বাংলাদেশে অবকাঠামো ও স্বাস্থ্য খাতে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করছে। তাই সরকারের কাছে জোর দাবি জানানো হয়, পঞ্চগড়ে চীনের সহায়তায় ১ হাজার শয্যা হাসপাতাল ও একটি সরকারি মেডিকেল কলেজ পঞ্চগড়ে স্থাপন করা হোক। দিনভর অনশনে ৪ জন অসুস্থ হয়ে স্যালাইন নিতে দেখা গেছে। দিনব্যাপী এই কর্মসূচিতে শত শত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

