কিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর এলাকার রজব আলীর ছেলে এবং লতিবাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড যুবলীগের সভাপতি। রবিবার (২০ এপ্রিল) রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সগড়া বিশ্বরোড এলাকায় মুখে কালো কাপড় বেধে আইসিটি ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও নেতৃবৃন্দের বিরুদ্ধে অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি লেখা একটি ব্যানার নিয়ে রবিন মেম্বারের ইন্ধনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির নেতাকর্মীরা বলছেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যুবলীগের প্রভাবে এলাকার নিরীহ লোকজনের জায়গা-জমি জোরপূর্বক দখল করে প্লট ব্যবসা করে এখন সে প্রচুর টাকার মালিক বনে গেছে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, রবিবার দুপুরে রবিন মেম্বারের ইন্ধনে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়। রবিন ৪ঠা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলার সন্দেহভাজন আসামি। সোমবার (২১ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য যে, রবিবার (২০ এপ্রিল) বেলা ২টা ৪৩ মিনিটে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিক্ষোভ মিছিলের ভিডিওটি শেয়ার করে।

