ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সেতু নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের বালিহাটা ঈদগাহ রোডে ১১ মিটার সেতু ও আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও রেল লাইন হতে কাতিয়ার হাওর সরাতির রাস্তায় ৯.৭৫ মিটার সেতু নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক জানা যায়, ২০২৩-২০২৪ অর্থবছরে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার সেতু/ কালভার্ট নির্মাণ ( সংশোধিত) প্রকল্পের আওতায় উপজেলায় ২টি সেতু নির্মাণ বাবদ বরাদ্দ ৭৮ লক্ষ,১৯ হাজার ৫ টাকা। কার্যাদেশে ৭৪ লক্ষ ২৮ হাজার ৫৪ টাকার কাজটি পায় ফুলপুর ৪ নং সিংহেশ্বর ইউপির ঠিকাদার “মেসার্স শফিক এন্টারপ্রাইজ”। বালিহাটা ঈদগাহ রোডের নির্মিত সেতুর উচ্চতা ৬০০০ মিলি.মি. (২০ ফিট) হবার কথা থাকলেও সেটি করা হয়েছে ৪৫০০ মিলি.মি. অর্থাৎ ১৫ ফিট। এছাড়া নির্মাণ কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। অপরদিকে আঠারবাড়ী ইউনিয়নের বনগাঁও রেল লাইন হতে কাতিয়ার হাওর সরাতির রাস্তায় নির্মিত প্রকল্পের সেতুতে উচ্চতা ৫৪০০ মিলি.মি অর্থাৎ ১৮ ফিট করার কথা থাকলেও সেটি করা হয়েছে ৪৫০০ মিলি.মি অর্থাৎ ১৫ ফিট। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কাজের বিল এখনো দেয়া হয়নি। যদি ১৫ ফিটের কাজ হয়ে থাকে তাহলে তাদেরকে ১৫ ফিটের বিলই প্রদান করা হবে। ইউ.এন.ও মো.এরশাদুল আহমেদ বলেন, তারুন্দিয়ার ব্রিজটি ভিজিট করেছি। যে উচ্চতায় করা হয়েছে তারচেয়ে বেশি উচ্চতায় করলে সেখানে দূর্ঘটনার আশঙ্কা রয়েছে৷ ঠিকাদারকে কাজের ভলিউম অনুযায়ী টাকা দেয়া হবে তাদেরকে অতিরিক্ত কোনো টাকা দেওয়া হবে না।

