নিজস্ব প্রতিবেদক :
ফসলের গুণগতমান বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ, কৃষি আধুনিক যন্ত্রপাতি প্রদর্শনের জন্য আজ বৃহস্পতিবার শুরু হয়েছে তিনদিনের ‘এগ্রো-বাংলাদেশ এক্সপো ২০১৪’।
‘আগামী দিনের কৃষিতে উন্নতি আধুনিক প্রযুক্তি’-এ শ্লোগান নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ মেলা। মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিষয়টি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহা-পরিচালক (বীজ উইং) আনোয়ার ফারুক সাংবাদিকদের বলেন, ‘মেলার মোট স্টল সংখ্যা ২২৫টি। এ ছাড়া প্রতিদিন ছয়টি টেকনিক্যাল সেশন দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলবে। তবে সকাল ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সকলের জন্য উন্মুক্ত থাকবে।’
মেলার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘এগ্রো-বাংলাদেশ এক্সপো ২০১৪’ এর মূল উদ্দেশ্য হচ্ছে ফসলের গুণগতমান বৃদ্ধিসহ খাদ্য ও শস্যের প্রক্রিয়াজাতকরণ (প্রি অ্যান্ড পোস্ট হার্ভেস্ট) টেকনোলজি এবং কৃষির আধুনিক যন্ত্রপাতি প্রদর্শনের মাধ্যমে দেশি-বিদেশি উদ্যোক্তাদের কৃষিক্ষেত্রে অর্থ বিনিয়োগের উৎসাহিত করা।’
মেলায় তিনটি বিষয়কে গুরুত্ব দেয়া হচ্ছে- এগ্রো-বাংলাদশে এক্সপো-২০১৪ : বীজ, পেস্টিসাইড এবং কৃষি যন্ত্রপাতি প্রদর্শন; ফুডপ্রে বাংলাদেশ : প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি, শস্য সংগ্রহোত্তর প্রযুক্তি, ভ্যালুচেইন ডেভেলপমেন্ট, প্যাকেজিং ও বিপণন বিষয় এবং রাইচ অ্যান্ড গ্রিনটিচ এক্সপো: রাইচ-মিল যন্ত্রপাতি প্রদর্শন।
অতিরিক্ত সচিব জানান, মেলায় ভারত, চীন, জাপান, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, কোরিয়া এবং জার্মানিসহ দেশি-বিদেশি প্রায় শতাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের এক হাজার বিজ্ঞানী, গবেষক ও ব্যবসায়ী অংশগ্রহণ করবে। এতে করে এই অঞ্চলের সরকারি ও বেসরকারি কৃষিক্ষেত্রের বিজ্ঞানী ও শিল্প উদ্যোক্তাদের জ্ঞানের আদান-প্রদান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।
এ আয়োজনে আধুনিক প্রযুক্তির সহায়তায় আধুনিক কৃষির পথে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে বলে তিনি আশা করেন।


