বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বর্তমান রাষ্ট্রপতিকে নিয়ে আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে না এটা দেশের মানুষ ভাবতে শুরু করেছে। আমার ব্যক্তিগত মতামত বর্তমান রাষ্ট্রপতিকে দিয়ে দেশে একটি সুস্থ নির্বাচন সম্ভব নয়। বুধবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপি এর উদ্যোগে,”গণআন্দোলনে গণঅভ্যুত্থান জনগণের প্রত্যাশা শীর্ষক” গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মানুষের প্রত্যাশা অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। সরকারকে নানাভাবে বিতর্কিত ও অস্থির করার জন্য নানাভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে সরকারের প্রতি মানুষের যে আস্থা সৃষ্টি হয়েছিল সে আস্থা মানুষ ধরে রাখতে পারে। ভারতের রাষ্ট্রদূত বললেন শেখ হাসিনার অবস্থান নিয়ে কথা হয়নি ,এটা একটা বিস্ময়কর দিক, যোগ করেন তিনি। বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা যাতে আবেগ বসত সিদ্ধান্ত গ্রহণ না করি। বিশেষ কারো পরামর্শে আমরা যাতে আত্মঘাতী সিদ্ধান্ত না নেই। আপনারা সিদ্ধান্ত নিতে না পারলে রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে আলোচনা করুন। আবেগবশত কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকার এখনো পাশ করতে পারে নি। আগামী ডিসেম্বর মাসের মধ্যে দশটা কমিশন তাদের রিপোর্ট জমা দিবেন সে অনুযায়ী রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে যদি আপনারা নির্বাচন দিয়ে যেতে পারেন তাহলে আপনাদের এ প্লাস দেওয়া যাবে। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা ,বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি সভাপতি কে সি মজুমদার লিটন, নয়া গণতান্ত্রিক পার্টি চেয়ারম্যান এম এ মান্নান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি মুফতি মহিউদ্দিন ইকরাম প্রমুখ।

