ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের বাঙ্গারকান্দা গ্রামে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির সময় স্বামীর হাতে স্ত্রী নাসিমা বেগম মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
নাসিমার ছোট মেয়ে তারিন আক্তার জানায়, সামান্য একটি বিষয় নিয়ে তার বাবা জালাল শেখ রবিবার সন্ধ্যায় তার মাকে পেটায়। এক পর্যায়ে তার মা বমি করতে থাকে। অবস্থার অবনতি হলে সোমবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।
নাছিমার ভাই সারোয়ার হোসেন বলেন, নাসিমাকে তার স্বামী প্রায়ই শারীরিক নির্যাতন করতো। স্বামীর নির্যাতনেই তার মৃত্যু হয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফসার উদ্দিন জানান, দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্টের পরই তা বোঝা যাবে।

