চিকিৎসকদের ডাকা ‘শাটডাউন’ স্থগিত করা হয়েছে। ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলায় দায়ীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে চিকিৎসকরা আপাতত চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে জরুরি বিভাগে দায়িত্ব পালনের সময় পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের নিরাপত্তা দেয়ার শর্ত দিয়েছেন তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে হাসপাতাল পরিচালক ও সংশ্লিষ্ট চিকিৎসকদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। ঢামেক হাসপাতালের (ঢামেক) নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছে। মামলায় বেসরকারি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষকসহ তিন শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এ ছাড়া ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। রোববার ঢামেক হাসপাতালের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

