কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন বুড়াবুড়ী ইউনিয়নে নাগরিক সেবা প্রদানে সর্বাত্মক ভাবে কাজ করে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার এরশাদ। গত ৫ আগস্টের পর দেশব্যাপী সহিংস পরিস্থিতির সৃষ্টি হলে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর সারাদেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নানা কারণে আত্মগোপনে চলে গেলেও উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার এরশাদ আন্তরিকতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করে আসছেন। ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারের সব ধরণের নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে তিনি সর্বাত্মক অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন। এ কারণে বুড়াবুড়ী ইউনিয়নের সাধারণ মানুষ কোন ভাবেই হয়রানীর শিকার হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দল মতের উর্দ্ধে উঠে সাধারণ জনগণের সাথে আলোচনা করে সবধরণের বিষয় তিনি সমাধান করছেন। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে বর্তমান সরকারের ভাবমুর্তি নষ্ট করতে কিছু দলীয় ছেলেদেরকে দিয়ে আইন বিরোধী চালিয়ে যাচ্ছে। এতে করে সাধারণ প্রশাসনের উপর মানুষের আস্থা নষ্ট হচ্ছে। ২৮ আগস্ট বুধবার সকালে ইসলামিক রিলিফ বাংলাদেশের অর্থায়নে বুড়াবুড়ী ইউনিয়নে ২’শ ৪০ জন সুফলভোগীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার এরশাদসহ পরিষদের মেম্বার, সচিব, গ্রাম পুলিশ এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কর্মকর্তা ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

