সকলকে সাথে নিয়ে সার্বভৌম ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমানে বিএনপি অঙ্গিকারবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার (২৬ আগষ্ট) দুপুরে টাঙ্গাইলের ভুঞাপুরে ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পলাশের পরিবারকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি গণতন্ত্র পুনঃউদ্ধারে আন্দোলনে শহীদ পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান। সালাউদ্দিন বলেন, শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে। যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হবেনা। বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, সামাজিক সুবিচারের বাংলাদেশ, সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে এমন বাংলাদেশ গড়ে তোলা হবে। আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই। এ সময় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রতিহিংসার রাজনীতি এ বাংলাদেশে আর ফিরে আসবেনা। পরে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পলাশের গ্রামের ঘাটান্দিতে করব জিয়ারত করে ভুঞাপর বাসস্ট্যান্ডের জনসভায় যোগদান করেন। এ সময় ঢাকা বিভাগীয় সহ-সাংগঠিন সম্পাদক ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

