বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় নির্বাহী সদস্য ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে সংবর্ধনা জানাতে দৌলতখান- বোরহানউদ্দিনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক জনতার ঢল নামে ভোলা ইলিশা লঞ্চঘাটে।বুধবার দুপুর ২ টায় হাফিজ ইব্রাহিমকে বহনকারী লঞ্চটি ইলিশা ঘাটে পৌঁছালে স্লোগানে মুখরিত হয় পুরো ইলিশা লঞ্চঘাট।পরে শত শত নেতাকর্মীদের মাইক্রোবাস ও হোন্ডা বহরের সাথে দৌলতখান উপজেলা বিএনপির কার্যালয়ে পৌঁছান বিকাল ৫টায়।কার্যালয়ে সামনে এসে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, আওয়ামী লীগ বিএনপি নেতা কর্মিদের উপর আক্রমণ করেছে। আওয়ামী লীগের দুঃশাসনের আমলে অনেক বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। আপনারা কেউ প্রতিশোধ নিতে নিজ হাতে আইন তুলে নিবেন না। প্রয়োজনে পুলিশের সহায়তা নিবেন। হিন্দু ভাইয়েরা আওয়ামী লীগের থেকে বিএনপির শাসন আমলে নিরাপদে ছিল। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও নিরাপদে আছেন। আপনারা ভবিষ্যতেও নিরাপদে থাকবেন। দৌলতখানে হিন্দু মুসলিম পরিবার একসাথে একইভাবে সুন্দর পরিবেশে বসবাস করবে।
আলহাজ হাফিজ ইব্রাহিম বুধবার দীর্ঘ ১৭ বছর পর দৌলতখান আসেন। দৌলতখানে হাফিজ ইব্রাহিমের আগমনের সংবাদে সকাল থেকে লোকজন বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাত উপেক্ষা করে রাস্তার দুই পাশে অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। বিকাল ৫টায় তিনি দৌলতখানে এসে পৌছলে উপস্থিত হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় প্রিয় নেতাকে বরণ করে নেন। এ সময়ে বিএনপি নেতা আকবর হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি গোলাম কবির স্বপন, সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা নাজিমউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, যুগ্ম সম্পাদক ফখরুল আলম টপি, পৌর বিএনপির সভাপতি গোলাম আজম পলিন, যুগ্ন সম্পাদক জাকির হোসেন বাবুল, বিএনপি নেতা বশির মেম্বার, মাহবুব মোর্শেদ কুট্রি প্রমূখ উপস্থিত ছিলেন। পরে তিনি বোরহানউদ্দিনের উদ্দেশ্যে রওয়ানা দেন।

