কোরবানির আগেই আফতাবনগরের হাটের বিকল্প ব্যবস্থা হিসেবে জনস্বার্থে আশেপাশের এলাকায় হাট বসানো হবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।
শনিবার (১৮ মে) সকালে রাজধানীর এক অভিজাত হোটেলে ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এবং ভোকার উদ্যোগে বাংলাদেশ জলবায়ু স্মার্ট পশুসম্পত্তি প্রকল্পের উদবোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
কোরবানিতে গবাদি পশুর চাহিদা মেটাতে পরিবেশবান্ধব উপায়ে উৎপাদন বৃদ্ধি করতে হবে। পাশাপাশি গো-খাদ্য হিসেবে প্রাকৃতিক খাদ্যের প্রতি কৃষকদের ঝুঁকতে আহবান জানিয়েছেন প্রাণী সম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।
রাজধানীতে কোরবানির পশু বেচা-কেনার জন্য যে কয়েকটি হাট বসে তার মধ্যে অন্যতম আফতাবনগর হাট। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে গরু নিয়ে আসেন বিক্রেতা ও খামারিরা। ক্রেতাদেরও ব্যাপক সমাগম ঘটে এখানে। তবে আফতাবনগরের বাসিন্দারা এখানে হাট বসতে দিতে রাজি নন। এ নিয়ে হাইকোর্টে রিট আবেদন করে তারা। আদালত তাদের পক্ষে রায় দেন। পশুর হাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট।

