রাজধানীর কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম চেয়ারম্যান বাড়ির মোড় এলাকায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীর শ্লীতাহানির অভিযোগ পাওয়া গেছে।
সূত্র জানায়, একই এলাকার নাসিম (২১) নামে বখাটে ছেলে মাদ্রাসা ছাত্রী সেতুকে প্রায়ই উত্ত্যক্ত করত। মেয়েটি প্রতিবাদ করতে গেলে বিভিন্ন হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করে। কিছুদিন পর মেয়েটি তার মা সুলতানা বেগমকে বিষয়টি অবগত করলে তাৎক্ষণিকভাবে তিনি গত ২ মে কামরাঙ্গীরচর থানায় একটি শ্লীতাহানির অভিযোগ দায়ের করেন।
সুলতানা বেগম এ প্রতিবেদককে ঘটনার বিবরণ দিয়ে বলেন, তার মেয়ে সেতু (১০) একই রাস্তা দিয়ে প্রতিদিন মাদ্রাসায় যাতায়াত করে। যাওয়ার পথে নাসিম তার মেয়েকে লক্ষ্য করে আপত্তিকর কথা বলতো। চকলেট, ফুচকা বিভিন্ন খাবারের প্রলোভন দেখাতো। সালাম নামে এক প্রতিবেশীর এ ঘটনাটি নজরে আসলে সাথে সাথে তার প্রতিবাদ করার কারণে নাসিম তাকেও ভয়ভীতি প্রদর্শন করে।
কামরাঙ্গীরচর থানাযর তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মিলন তদন্তের জন্য ঘটনাস্থলে যাওয়ার পর বাদী ও প্রত্যক্ষদর্শীর সাথে কথা না বলে বিবাদী নাসিমের সাথে কথাবার্তা বলে চলে যায়। পরে সুলতানা বেগম প্রত্যক্ষদর্শী সালামকে নিয়ে কামরাঙ্গীরচর থানার ওসিকে বিষয়টি অবগত করলে ওসি সাইফুল ইসলাম মনোযোগ সহকারে তাদের অভিযোগ কর্ণপাত করেন এবং এসআই মিলনকে বিবাদীকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ প্রদান করেন।
এসআই মিলনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, বাদী অভিযুক্ত নাসিমের বিরুদ্ধে বানোয়াট মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।
সুলতানা বেগম দুঃখ প্রকাশ করে বলেন, আমি থানায় ন্যায়বিচার পাইনি। প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেওয়ার পরেও পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না।বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় আছি।

