ঢাকাTuesday , 7 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় আবু আহাদ আল মামুনের উপর হামলা ও অপহরণ চেষ্টা

Link Copied!

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবু আহাদ আল মামুনের ওপর হামলা ও অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৬ মে) রাত ৮টার দিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা কিশোর কুমার ঘোষ জগতের নেতৃত্বে তাঁর সমর্থকরা প্রার্থীকে মারধর ও অপহরণ করার চেষ্টা করেন। আবু আহাদকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠিত কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে তিনি মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা। তিনি আনারস প্রতীক নিয়ে লড়ছেন। আবু আহাদ আলম মামুন অভিযোগ করে বলেন, রাতে কুষ্টিয়া শহরের বড় স্টেশন রোডে অবস্থিত আমার নির্বাচনী অফিসে বসেছিলাম। এ সময় কয়েকজন যুবক এসে আমাকে বাইরে আসতে বলে। আমি কারণ জিজ্ঞাসা করলে তারা আমাকে মারধর করে বাইরে টেনে নিয়ে যায়। বাইরে নিয়ে তারা আমাকে জিজ্ঞাসা করে—ভোটে কেন দাঁড়াইছিস, কে দাঁড়াইতে বলেছে। আমি কিছু বলার আগেই তারা আমার মাথা, বুকে, পিঠে আঘাত করে। আমাকে অপহরণের চেষ্টা করা হয়। ঘটনার সময় আমি জগতের নাম শুনেছি। প্রার্থীর মামাতো ভাই তিতাসের সাথে কথা বললে তিনি বলেন, পৌর ১০ নং ওয়ার্ড কাউন্সিলর কিশোর কুমার জগতের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন এই হামলা চালিয়েছে। মারধরের একপর্যায়ে তিনি জ্ঞান হারালে হামলাকারীরা তাকে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা অফিসার (আরএমও) তাপস কুমার সরকার জানান, হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তির শরীরের কোথাও গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাকে সাধারণ চিকিৎসা দেওয়া হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে কাউন্সিলর কিশোর কুমার ঘোষ জগতকে ফোন করলে দিলে তিনি রিসিভ করেননি। পরবর্তীতে তার ব্যবসা প্রতিষ্ঠান দধি মিষ্টান্ন ভান্ডারে গিয়েও তাকে পাওয়া যায়নি।
এর আগে চেয়ারম্যান প্রার্থী জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আলম মামুন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। এ বিষয়ে ওই প্রার্থী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়ে ভয়ে আত্মগোপনে থাকার কথা জানান।
তবে এসব অভিযোগ অস্বীকার করে যারা হামলার সঙ্গে জড়িত তারা দলের বা তার কোনো কর্মী সমর্থক নয় বলে দাবি করেন বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা।
চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, যিনি আমার বিপক্ষে প্রার্থী হয়েছেন তিনি কোনো শক্ত প্রার্থী নন। তাহলে আমার দলের নেতাকর্মী বা সমর্থকরা কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা আমার দলের কেউ নয়, তাদের আমি চিনিও না।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।