সড়কে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান । তিনি বলেন, আমরা এরই মধ্যে পরিবহনে চাঁদাবাজি বন্ধ করেছি।যারা চাঁদাবাজি করবে অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) উত্তরাঞ্চলের পরিবহন খাতে সর্ববৃহৎ সংগঠন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শ্রমিকদের কল্যাণে পদক্ষেপ নিয়েছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ মিটুল।জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল সভায় সংগঠনের আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন।
সভায় আরও বক্তব্য দেন পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন, রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক রাজিয়া সুলতানা, মিজানুর রহমান, জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, শ্রমিক নেতা সৈয়দ কবির আহম্মেদ মিঠু, মান্নান মন্ডল, নিহাজুল ইসলাম মনা, কফিল উদ্দিন।

