ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১-এ চূড়ান্ত মনোয়ন পেলো বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র ভ্রাম্যমাণ সোলার সেচ ব্যবস্থাপনা। সংস্থাটির রংপুর অঞ্চলে ভূউপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্রসেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ (এমআইডিআইইইপি) শীর্ষক প্রকল্পের উদ্যোগে প্রকল্পভুক্ত চরাঞ্চলে নতুন উদ্ভাবিত ভ্রাম্যমাণ সোলার সেচ ব্যবস্থাপনা চালু করা হয়েছে এবং কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে গঠিত কমিটি সম্প্রতি এই মনোনয়ন চূড়ান্ত করেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, উদ্ভাবিত ভ্রাম্যমাণ সোলার সেচ ব্যবস্থার সোলার প্যানেলগুলো খুব সহজে স্থানান্তরযোগ্য; যখন যেখানে সেচ কার্যক্রম পরিচালনার প্রয়োজন তখন এই সোলার প্যানেলগুলো সেখানে স্থাপনের মাধ্যমে পাম্পে যুক্ত করে সেচ পরিচালনা করা যায়। এ কারণে প্রকল্পভুক্ত চরাঞ্চলে বিভিন্ন ফসল চাষাবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ভ্রাম্যমাণ সোলার সেচ ব্যবস্থা। বছরের একটি নির্দিষ্ট সময় চরগুলো পানিতে তলিয়ে যাওয়ার কারণে সেচের আধুনিক কোনো ব্যবস্থা এখন পর্যন্ত ছড়িয়ে দেয়া যায়নি। শুকনো মৌসুমে চরগুলো যখন চাষাবাদের উপযোগী হয়, তখন সেচ কার্যক্রম পরিচালনার জন্য ভ্রাম্যমাণ সোলারের প্যানেলগুলো খুব সহজে স্থাপন করে ফসলে সেচ দেয়া সম্ভব হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এতে করে চরাঞ্চলে সেচ খরচ আটগুণ থেকে এক গুণে নেমে এসেছে; সেই সাথে সেচের কমান্ড এরিয়াও তিন গুণ বৃদ্ধি পেয়েছে। ভ্রাম্যমাণ সোলার হওয়ায় সেচের মৌসুম পরবর্তী সময়ে সোলার পাম্পগুলো প্রকল্পের সুফলভোগীরা মাছ চাষের জন্য পুকুরে ও অন্যান্য গৃহস্থালী কাজে ব্যবহার করছেন।

