নিজস্ব প্রতিনিধি : কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কৃষিবিদ মো. মেসবাহুল ইসলাম গত ২৮ জুলাই বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র রংপুর অঞ্চলে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মো. মেসবাহুল ইসলাম বিএডিসি’র সার গুদাম ও প্রকল্পের নির্মাণ কাজ, বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং সবজি বীজ খামারের কার্যক্রম, পলি নেট হাউজে উচ্চমূল্যের ফসলের বীজ উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বাস্তবায়নাধীন কার্যক্রমসমূহের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। পরির্দশন শেষে জ্যেষ্ঠ সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে রংপুর অঞ্চলে ভূউপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্রসেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিডিও ডকুমেন্টরি এবং বীজ ও সার বিভাগের কার্যক্রম উপস্থাপন করা হয়। এ সময় মো. মেসবাহুল ইসলাম নতুন নতুন জাতের বীজের সম্প্রসারণ ও সেচ কার্যক্রম বৃদ্ধির পরামর্শ প্রদান করেন এবং চর এলাকায় সমন্বিত বৃহৎ প্রকল্প গ্রহণের পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (রংপুর অঞ্চল)’র অতিরিক্ত পরিচালক বিধু ভূষণ রায়, রংপুর অঞ্চলে ভূউপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্রসেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী সঞ্চয় সরকার, বিএডিসি’র সার ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক (রংপুর) মো. মোফাজ্জল হোসেন, বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলামসহ বিএডিসি’র সকল বিভাগের সংশ্লিষ্ট উপপরিচালক, নির্বাহী প্রকৌশলী ছাড়া আরো অনেকে উপস্থিত ছিলেন।

