নিজস্ব প্রতিবেদক : কৃষকের স্বার্থ রক্ষায় বোরো ধানের দাম মণপ্রতি দেড় হাজার টাকা নির্ধারণ ও প্রতি ইউনিয়নে সরকারি ক্রয়কেন্দ্রের মাধ্যমে কৃষকের নিকট থেকে সরাসরি কমপক্ষে ৭০ লাখ টন ধান ক্রয় করার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।
সোমবার (২৬ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া সরকারের নিকট এই দাবি জানান।
তারা বলেন, ‘দেশের হাওর অঞ্চলগুলোতে বোরো ধান কাটা শুরু হলেও সরকার এখন পর্যন্ত সরকারিভাবে ধান ক্রয়ের জন্য মূল্য নির্ধারণ করেনি, যা দুঃখজনক। ধানের মূল্য নির্ধারণ না করলে কৃষকরা প্রতিনিয়ত প্রতারিত হন, যার ফলশ্রুতিতে তাদের কৃষিকাজে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। ধানের উৎপাদন খরচের সঙ্গে ৪০ শতাংশ মূল্য সংযোজন করলে ধানের মূল্য দেড় হাজার টাকা নির্ধারণ করা প্রয়োজন।’
নেতৃদ্বয় বলেন, ‘প্রতিবছরই দেখা যায় সরকার কৃষকদের নিকট থেকে যে মূল্যে ধান ক্রয়ের ঘোষণা দিয়ে থাকে সে মূল্য কৃষকরা পান না দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ফরিয়াদের যোগসাজশের কারণে। ফলে সরকারের উচিত হবে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করা। কোনো টাউট দালাল বা ফরিয়া যাতে করে কৃষকদের প্রতারিত করতে না পারে। তাই শুধু ধানের মূল্য নির্ধারণ করলেই হবে না, কৃষকরা যাতে সেই মূল্যে সরাসরি ধান বিক্রি করতে পারেন তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
ন্যাপের এই দুই শীর্ষ নেতা বলেন, ‘গত বছরও সরকার ধানের দাম এক হাজার ৪০ টাকা মণ নির্ধারণ করেছিল, কিন্তু তখনও খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ধান বিক্রি হচ্ছিল, ফলে কৃষকরা ক্ষতির মুখে পড়েন। অন্যদিকে সরকার ধান কম ক্রয় করে আর চাল বেশি ক্রয় করে, য়ার ফলে চাতাল মালিকরা লাভবান হলেও কৃষক লাভবান হতে পারেন না।’
তারা আরও বলেন, ‘দেশে সরকারি মজুদ গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে। তাই এ বছর কমপক্ষে ৭০ লাখ টন ধান সরাসরি কৃষকদের নিকট থেকে ক্রয় করা উচিত। তা না হলে ব্যবসায়ীরা বাজার সিন্ডিকেট কারসাজির মাধ্যমে সংকট সৃষ্টি করার সুযোগ পাবে। এ বছর সরকারের নিকট চাল মজুদ আছে মাত্র তিন লাখ টন, যা গত বছর ছিল ১২ লাখ টন। কমপক্ষে ২০ লাখ টন খাদ্য মজুদ থাকা প্রয়োজন, তা না হলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’
তারা ফরিয়াদের সুযোগ না দিয়ে সরাসরি কৃষকদের নিকট থাকে ধান কেনার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

