কুমিল্লা ইপিজেডের অপরিশোধিত বিষাক্ত বর্জ্যের কারণে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের পরিবেশ বিপর্যয় এবং জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী মহলের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। সম্প্রতি জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এই অঞ্চলের মানুষের দুর্দশার চিত্র তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সংসদে দেওয়া বক্তব্যে ওই সংসদ সদস্য অভিযোগ করেন যে, ইপিজেডের ক্ষতিকর রাসায়নিক বর্জ্য কোনো ধরনের পরিশোধন ছাড়াই সরাসরি স্থানীয় প্রাকৃতিক খালে ফেলে দেওয়া হচ্ছে। এর ফলে কুমিল্লা থেকে শুরু করে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলের কৃষি জমি, পরিবেশ এবং মৎস্যসম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। আগামী দুই বছরের মধ্যে এই বিষাক্ত পানি মেঘনা নদীতে গিয়ে মিশলে গোটা দেশ ও জাতি এক মারাত্মক সংকটের মুখে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
পরিস্থিতির ভয়াবহতা বর্ণনা করে তিনি জানান যে, এই দূষণের শিকার হয়ে ইতোমধ্যে প্রায় পাঁচ হাজার পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। এছাড়া ওই অঞ্চলের প্রায় এক লাখ মানুষ ক্যান্সারসহ বিভিন্ন জটিল ও মারাত্মক রোগে আক্রান্ত হয়েছেন। খালের বিষাক্ত পানিতে নামলেই মানুষের পা পচে যাচ্ছে এবং কৃষকরা তাদের জমিতে চাষাবাদ করতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
আইনি জটিলতা ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ইপিজেড সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন হওয়ায় তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে সহজে ব্যবস্থা নেওয়া যায় না। এর আগে পরিবেশ অধিদপ্তরের একাধিক প্রতিবেদন, হাইকোর্ট ও পরিবেশ আদালতের রায় এবং বড় অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ থাকলেও তা আজও কার্যকর হয়নি। তাই এই সংকট স্থায়ীভাবে নিরসনে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে তিনি সরকারপ্রধানের ব্যক্তিগত ও জোরালো ভূমিকা কামনা করেন।

