নিজস্ব প্রতিবেদক : বিপ্লবীরা যে স্বপ্ন বাস্তবায়নের জন্য জেলের মধ্যেও লড়াই করেছেন, জীবন দিয়েছেন, তা আজও অধরা। তাদের মতো তেজ, দৃঢ়তা, কমিটমেন্ট নিয়ে রাজনীতিতে দাড়াতে না পারলে গণমানুষের মুক্তি সম্ভব নয়। সব ধরনের দ্যোদুল্যমানতা, সুবিধাবাদী, আপসকামিতার বিরুদ্ধে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে।
শনিবার (২৪ এপ্রিল) খাপড়া ওয়ার্ড শহীদ দিবস স্মরণে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া এ কথা বলেন।
১৯৫০ সালের ২৪ এপ্রিল খাপড়া ওয়ার্ডের লড়াই বিপ্লবীদের পথ দেখায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব।
তিনি বলেন, খাপড়া ওয়ার্ডের লড়াই আজও আমাদের উজ্জীবিত করে, পথ দেখায়। ভবিষ্যতের দিশা পাবার জন্য খাপড়া ওয়ার্ডের বিপ্লবী ইতিহাস জানা এবং অনুধাবন করা জরুরি। খাপড়া ওয়ার্ডের শহীদ-যোদ্ধাদের আদর্শ, লড়াই ও আত্মত্যাগ থেকে নতুন প্রজন্মকে শিক্ষা গ্রহণ করতে হবে।
এম. গোলাম মোস্তফা ভুঁইয়া বলেন, আমাদের স্বাধীনতা-অধিকার অর্জনের সকল লড়াইয়ের ইতিহাসই আগামী প্রজন্মের জন্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত। সেই ক্ষেত্রে খাপড়া ওয়ার্ডের বিপ্লবী ইতিহাস তুলে ধরা সময়ের দাবি।
আলোচনায় অংশগ্রহণ করেন ন্যাপের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব এহসানুল হক জসীম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুঁইয়া, কুমিল্লা বিভাগীয় সমন্বয়কারী মো. মহসিন ভুঁইয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তার, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. শামিম ভুঁইয়া প্রমুখ।

