নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ক্ষমতার ভারসাম্যহীনতাই দেশে দুর্নীতি ও দুঃশাসন প্রাতিষ্ঠানিক রুপ নিচ্ছে। দেশে গণতন্ত্র চর্চা সঙ্কুচিত হয়ে গেছে, সুশাসনের অভাবে গণতন্ত্র নির্বাসনের পথে। দেশে নিয়ন্ত্রিত গণতন্ত্র নয়, প্রয়োজন নির্ভেজাল গণতন্ত্র।
শনিবার (১৩ মার্চ) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাপের নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি আলহাজ্ব মো. অজিউল্লা অজুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা বলেন, ৫০ বছরের শাসকগোষ্ঠী দুর্নীতি ও দলীয় করণের মাধ্যমে দেশে বৈষম্য সৃষ্টি করেছে, যা এখনো চলছে। যে বৈষম্যের প্রতিবাদে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশের জন্ম সেই, বৈষম্যের অবসান হয়নি। ক্রমান্বয়ে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। ক্ষমতাসীন দল না করলে চাকরি মেলে না, ব্যবসা-বাণিজ্য করা যায় না। ক্ষমতাসীনরা টেন্ডারবাজি, দলবাজি, চাঁদাবাজি করে দেশের মানুষের শান্তি হরণ করেছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও আমাদের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। জনগণের ভোটাধিকারের জন্য এখনো সংগ্রাম করতে হয়। এর মূল কারণ, জনগণের স্বার্থে রাজনৈতিকদলগুলো কখনই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে পারেনি। যে কারণে রাজনৈতিকদল এবং রাজনীতির প্রতি সাধারণ মানুষের কোনো আস্থা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে।
মো. ওয়াজিউল্লাহ অজুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দলের প্রতি, দলের নেতৃত্বে প্রতি তার যে ভালবাসা, আনুগত্য তা নেতাকর্মীদের অনুপ্রেরণা হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবে।
বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়ার সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব এহসানুল হক জসীম, মহানগর নেতা হাবিবুর রহমান প্রমুখ।

