নিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসেন গণতন্ত্রের জন্য লড়াই করি রাজপথে, ভয় পাবেন না। রাজপথে না আসলে মুক্তি হবে না আপনাদের।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক ফোরাম আয়োজিত এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।
মান্না বলেন, আওয়ামী লীগ মানে জুয়ার দল, আওয়ামী লীগ মানে নারী ধর্ষণ করে। আওয়ামী লীগ যে গণতন্ত্রের দল, আন্দোলনের দল, নির্বাচনের দল, মুক্তিযুদ্ধের দল ছিল সেই দল আর নাই। বাংলার জনগণকে বাঁচাতে চাইলে কাজ একটাই, এই সরকারকে বিদায় করে দেন। সহজেই কি যাবে? চড়েছে বাঘের পিঠে, নামলেই বাঘ খেয়ে ফেলবে। আর যদি না নামে, না খেয়ে মারা যাবে।
তিনি আরও বলেন, এই সরকার এত বেশি খেয়েছে যে আর ক্ষুধা লাগবে না। কিন্তু ইতোমধ্যে ক্ষুধা লেগেছে। না হলে গুজবের কাহিনি প্রচার করতেন না। কারণ বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে কথা বলতে দেন না। বিদেশের টেলিভিশন যেগুলো প্রচার করছে সেগুলো বন্ধ করছেন। ওগুলোকে যদি গুজব বলেন পারলে বন্ধ করে দেন।
শিক্ষা প্রতিষ্ঠান না খোলার সমালোচনা করে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ করেছেন অথচ এখন পর্যন্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলেন নাই। সব চলে কিন্তু আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠান চলে না। সারা বিশ্বে করোনার পর খুলে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তারা কি শিক্ষার্থীদের ভালোবাসে? তাহলে তো লেখাপড়ার সুযোগ করে দিত। ডিজিটাল বাংলাদেশে অনলাইন ক্লাস চালু করতে পারেন নাই কেন? ডিজিটাল সিস্টেম চালু করতে পারেন নাই কেন? বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পর্যন্ত অনলাইনে নিতে পারেন না। তাহলে ওরা লাইনের ওপর থাকবে কেন, ধাক্কা দিন, লাইন থেকে ফেলে দিন।
তিনি বলেন, নূর হোসেন নভেম্বর মাসে বুকে লিখেছিল স্বৈরাচার নিপাত যাক আর পিঠে লিখেছিল গণতন্ত্র মুক্তি পাক। গুলি করে তখনকার সরকার তাকে মাটিতে শুইয়ে দিয়েছে। আপনারা যতই বক্তৃতা করেন সমাধান হচ্ছে গণতন্ত্র উদ্ধার করা।
আয়োজক সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ তথ্য বিষায়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, সহ প্রান্তিক বিষয়ক সম্পাদক অর্পণা রায়, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, রাজিয়া আলিম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, মহানগর দক্ষিণ বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

