নারী ডেস্ক : শুনতে অবাক লাগলেও বাংলাদেশে প্রতি আধ ঘণ্টায় একজন কিশোরী কিংবা নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন। সম্প্রতি মহিলা সমিতির এক কাউন্সিলিং সভায় এ তথ্য উঠে এসেছে।
সভায় বিশ্লেষকরা বলেন, সরল স্বাভাবিক জীবনযাপন, স্বাভাবিক খাদ্যাভ্যাস এবং সচেতনতা পারে স্তন ক্যান্সারমুক্ত দেশ গড়তে।
বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘যাদের পরিবারের স্তন ক্যান্সারের ইতিহাস আছে তারা ঝুঁকিতে আছে। সেই বিচারে আমিও ঝুঁকির মধ্যে। আমার নিজের বোন স্তন ক্যান্সারে মারা গেছেন। সে সময় তিনি সচেতন ছিলেন না। আমরা সচেতনতার মাধ্যমে নারীর স্বাস্থ্য রক্ষার অধিকার নিশ্চিত করে বাংলাদেশ স্তন ক্যান্সার মুক্ত করব।’ এ ক্ষেত্রে তিনি সমাজের সচেতন ব্যক্তি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টার কথা বলেন।
মহিলা সমিতির সভাপতি সিতারা আহাসানউল্লাহ নিজের স্তন ক্যান্সারের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন,‘মনের শক্তির কাছে স্তন ক্যান্সার পরাজিত হবে।’
কাউন্সিলিং সভায় উপস্থিত অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক জানান, বুকে চাকার ১০ শতাংশ ক্যান্সার উল্লেখ করে তিনি জরুরি ভিত্তিতে চাকা পরীক্ষা করে নিশ্চিত হতে পরামর্শ দেন। তিনি বারডেমসহ কিছু খ্যাতনামা প্রতিষ্ঠানে অনকোলজি বিভাগ প্রতিষ্ঠার দাবি করেন।

